ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় গাড়িচাপায় এক ছাত্রের মৃত্যুর পর শুক্রবার রাজধানীর মিরপুর রোডে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
পুলিশ জানায়, সকাল ১০টায় ল্যাবএইডের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের চাপায় আহত হন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র মোস্তাফিজুর রহমান।
তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হলে বেলা ৩টায় তিনি মারা যান।
মোস্তাফিজের মৃত্যুর খবর শুনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কয়েকশ ছাত্র মিরপুর সড়কে নেমে আসে।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক মাসুদ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা সড়কে বিক্ষোভ রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।
আধা ঘণ্টা পর পুলিশ গিয়ে রাস্তা থেকে ছাত্রদের তুলে দেয়।
ধানমণ্ডি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্পিড ব্রেকারের দাবিতে ছাত্ররা রাস্তায় কিছুক্ষণ অবস্থান নিয়েছিলো।
মোস্তাফিজের লাশ তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24