খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা বাজারে শুক্রবার ভোররাতে আগুনে ৪০টি দোকান পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সকালে স্থানীয় সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
মহালছড়ি থানার ওসি মো. আবুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"
অগ্নিকাণ্ডস্থল খাগড়াছড়ি সদর থেকে দূরে হওয়ায় দমকলকর্মীরা পৌঁছার আগেই অনেক দোকান পুড়ে যায় বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন নায়েম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24