ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় সড়কের পাশে এক অজ্ঞাত তরুণীর লাশ পাওয়া গেছে। ফরিদপুরের শালথা উপজেলার এক গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, জয়দেবপুর থানার কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে অজ্ঞাত এক তরুণীর (২৭) লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, তার বুকে দুইটি ও পিঠে ছয়টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়কের ঢালে ওই তরুণীর লাশ উপুড় হয়ে পড়া ছিলো। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা লাশটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পূর্ব মোড়হাট গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মজিবর রহমার মিয়া (৪৫) একই ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামে। তিনি ভাওয়াল বাজারের একজন মুদি ব্যবসায়ী।
সালথা থানার ওসি শঙ্কর কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে একটি আম গাছে লাশটি ঝুলতে দেখে স্থানীয় থানায় খবর দেয়। ৮টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মজিবরকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় গামছা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে বরে জানান পুলিশ কর্মকর্তা শঙ্কর।
তিনি জানান, লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় এ ব্যাপারে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24