সাভার (ঢাকা), সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমে সাড়া না পেয়ে সাভারে এক তরুণীকে এক যুবক কুপিয়ে জখম করেছে বলে জানিয়েছে পুলিশ।
আহত তরুণীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাভার মডেল কলেজে পড়েন।
হামলাকারী যুবক সুমনকে (৩০) স্থানীয়রা আটকের পর মাধর করে পুলিশে দিয়েছে।
সাভার থানার উপপরিদর্শক মামুন মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার ডগরমোরা এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৮টার দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার পথে সুমন ও তার এক সহযোগী তানভির তার গতিরোধ করে। এক পর্যায়ে সুমন রামদা দিয়ে ওই তরুণীকে কোপাতে থাকে।"
ওই সময় জনতা সুমনকে আটক করলেও তার সহযোগী তানভির পালিয়ে যায়।
গণপিটুনিতে আহত সুমনকেও পুলিশি হেফাজতে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মামুন বলেন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এ কাণ্ড ঘটানোর কথা সুমন স্বীকার করেছে।
এদিকে সতীর্থের ওপর হামলার প্রতিবাদে সাভার মডেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯১৬ ঘ.
bdnews24