ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীদের সমালোচনার মুখে কয়েকটি ক্ষেত্রে কোর্ট ফি'র হার পুনর্র্নিধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ একথা জানান।
গত ১ আগস্ট কোর্ট ফিস (সংশোধনী) আইন, ২০১০-এর প্রজ্ঞাপন জারি করা হয়। ১ সেপ্টেম্বর থেকে এ আইন কার্যকর হয়।
১ সেপ্টেম্বর থেকে কার্যকর কোর্ট ফি অনুযায়ী পাওনা টাকা আদায়ে মামলা দায়ের করার জন্য কোর্ট ফি নির্ধারণ করা হয়েছিলো মোট দাবিকৃত টাকার ১৫ শতাংশ হারে। এটি এখন কমিয়ে আড়াই শতাংশ করা হয়েছে, তবে তা সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি হবে না।
জমি সংক্রান্ত মামলায় নতুন কোর্ট ফি নির্ধারণ করা হয়েছিল ১০ শতাংশ হারে। সেটা কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। তবে তা সর্বোচ্চ ৪০ হাজার টাকার বেশি হবে না।
এছাড়া, কাস্টমস বা এক্সাইজ বিভাগের কোনো কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার জন্য কোর্ট ফি ধরা হয়েছিলো ২০০ টাকা। এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে।
এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, "কোর্ট ফি বাড়ানোর বিষয়ে কয়েকটি ক্ষেত্রে বৃদ্ধির হারটা আমাদের চোখ এড়িয়ে গিয়েছিলো। এখন তা আবার সংশোধন করা হয়েছে।"
তিনি আরো বলেন, "নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করেই এটা করা হয়েছে। তবে বিত্তবানদের ক্ষেত্রে কোর্ট ফি কিছুটা বাড়ানো হয়েছে।"
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা আইনজীবী সমিতি আনুষ্ঠানিকভাবে নতুন কোর্ট ফি বৃদ্ধির হারকে 'অস্বাভাবিক' উল্লেখ করে তা প্রত্যহারের আবেদন জানান। তা না হলে আন্দোলনের ডাক দেওয়ার হুমকিও দেন তারা।
আইনমন্ত্রী শফিক আহমেদ এ ব্যাপারে বলেন, "ফি খুব একটা বাড়েনি জেনেও আইনজীবীরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তবে কোনো কোনো ক্ষেত্রে ফি কমানো হয়েছে।"
সংশোধিত কোর্ট ফি'র হার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হবে বলে আইন মন্ত্রণালয়ের কমকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/এমআই/১৭০০ ঘ.
bdnews24