২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৪

জেলা শহরের দেওয়ানপাড়া মোড়ে বিএনপি কার্যালয়ে বুধবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 06:21 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

জামালপুর, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের দেওয়ানপাড়া মোড়ে বিএনপি কার্যালয়ে বুধবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে, তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে বলে অভিযোগ করে বিএনপি। এ ঘটনায় ছাত্রদলের চারকর্মী জনি, রনি, হাবিব, দর্শন ও বাদল আহত হন। তাদের মধ্যে বাদলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়ভাবে এ কার্যালয়টি 'হাওয়া ভবন' হিসেবে পরিচিত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান। হামলার জন্য জেলা ছাত্রদলের আহবায়ক সজিব খান ছাত্রলীগকে দায়ী করেছেন। সজিব খান বলেন, সকালে সরকারি আশেক মাহমুদ কলেজে সিটে বসা নিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ সমর্থকরা এ হামলা চালায়। এ সময় তারা গুলি ছোড়ে এবং ককটেলে বিস্ফোরণ ঘটায়। এছাড়া অফিসের বারান্দায় থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করে। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউল আউয়াল ডনি বলেন, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন জানান, কলেজের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে কোনো গুলিবর্ষণ বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.