২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর সিম কার্ড দিয়ে প্রতারণা

পানিসম্পদ মন্ত্রীর হারানো মোবাইল ফোনের সিম কার্ড দিয়ে প্রতারনার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 05:24 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা,সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পানিসম্পদ মন্ত্রীর হারানো মোবাইল ফোনের সিম কার্ড দিয়ে প্রতারনার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এজিএম আল মাসুদ ঠাকুরগাঁওয়ের বিমল চন্দ্র গোস্বামী নামের ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানা পুলিশকে অনুমতি দেন। ঠাকুরগাঁও জেলার চন্দ্রীপুরের বাড়ি থেকে গত ১৯ অগাস্ট বিমল চন্দ্র গোস্বামীকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ জুন রমনা থানায় করা একটি মামলার তদন্তে তার নাম পাওয়া যায়। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সরকারের মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহার করে টাঙ্গাইলের এক ব্যক্তিকে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার জন্য নিজেকে মন্ত্রী পরিচয়ে আদেশ দেওয়ার অভিযোগে রমনা থানায় মামলাটি করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল্লাহ। আসামি করা হয় টাঙ্গাইলের সখিপুর উপজেলার বাহেরতৈল গ্রামের ইয়ারমিন মিয়া নামের এক ব্যক্তিকে। মামলার অভিযোগে বলা হয়, সিম কার্ডটি ইয়ারমিন ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেছে। পরে সেটি বিমল কুমার গোস্বামী ব্যবহার করেছে বলে তদন্তে বেরিয়ে আসে। এ মামলায় ইতোপূর্বে গ্রেপ্তার ইয়ারমিন, সাবেরিয়া খান বিথী, হাফিজ আল আজম জামিন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২৩১৩ ঘ.