রাজশাহী, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ চাওয়ায় এক পরিচ্ছন্ন কর্মীর হাতে জুতাপেটা হয়েছেন রাজশাহীর বাঘা পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান আলী।
বুধবার সকালে বাঘা পৌর ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে পরিচ্ছন্ন কর্মী আনোয়ার হোসেন পৌর ভবনে হাসান আলীর কাছে একটি বিলের টাকার জন্য গেলে তিনি একশ' টাকা দাবি করেন। এ নিয়ে দ'ুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার হোসেন হিসাবরক্ষণ কর্মকর্তাকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর পায়ের সেন্ডেল খুলে তা দিয়ে পেটান।
পরে উপস্থিত অন্য কর্মকর্তা-কর্মচারীরা হাসানকে উদ্ধার করেন।
এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, ঈদের আগে একটি কাজের বিল আড়াই হাজার টাকা তুলতে তাকে তিনশ' টাকা দেন আনোয়ার। কিন্তু পরে ওই বিলের জন্য আরো একশ' টাকা দাবি করেন। এ কারণে তাকে শিক্ষা দেওয়া হয়েছে।
হাসান আলী বলেন, তিনি ঘুষ চাননি। তার কাছে একশ' টাকা ধার চাইলে তাকে আক্রমণ করেন আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪১ ঘ.
bdnews24