২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ থেকে বাঁচতে হত্যা

ধর্ষণ থেকে রক্ষা পেতে এক গৃহবধূ এক ব্যক্তিকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:14 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ থেকে রক্ষা পেতে এক গৃহবধূ এক ব্যক্তিকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার সুবর্ণস্বরা গ্রামে। নিহত রিপন মণ্ডল (২৫) ওই গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিলো বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি ফারুক হোসেন। অবশ্য হত্যার অভিযোগে তিন সন্তানের ওই জননীকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি ফারুক সাংবাদিকদের বলেন, স্বামীর অনুপস্থিতে রাতে ওই মহিলার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায় রিপন। তখন ওই মহিলা কোদাল দিয়ে রিপনকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। চিৎকার-চ্যাঁচামেচি শুনে অন্য প্রতিবেশীরা ওই মহিলার ঘরে গিয়ে রিপনকে আহত অবস্থায় পায় জানিয়ে ওসি বলেন, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, ওই মহিলার স্বামী দিনমজুরি করেন। কাজের সন্ধানে তিনি বাইরে ছিলেন। আর এ সময়ে রিপন তাকে উত্ত্যক্ত করে আসছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। এদিকে নিহত রিপনের ভাই বাদশা মণ্ডল এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। সে মামলায় ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৫ ঘ.