২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভেটেরিনারি শিক্ষা বিষয়ে কর্মশালা শুরু

চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দুইদিনের কর্মশালা শুরু হয়েছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 06:40 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দুইদিনের কর্মশালা শুরু হয়েছে মঙ্গলবার। সকালে নগরীর আগ্রাবাদ হোটেলে 'ভেটেরিনারি এডুকেশন ইন সাউথ এশিয়া : নিউ এপ্রোচ টু টিচিং অ্যান্ড লার্নিং ফর ইভলভিং সিনারিও' শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন সিভাসু'র উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তিনদিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের অংশ হিসেবে সিভাসু, ব্রিটিশ কাউন্সিল ও ডিএফআইডির (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) যৌথ উদ্যোগে এ কর্মশালা হচ্ছে। দুই দিনব্যাপী কর্মশালায় মোট ছয়টি সেশনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ার ভেটেরিনারি শিক্ষার পাঠ্যসূচি নিয়ে আলোচনা করবেন। সভাপতির ভাষণে অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ বলেন, ভেটেরিনারি শিক্ষায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অভিন্ন পাঠ্যসূচি প্রণয়নের জন্য তিন বছর ধরে একটি প্রকল্পের কাজ চলছে। এর অংশ হিসেবে এই কর্মশালা। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের এরিড এগ্রিকালাচার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেয়ামত উল্লাহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএনএস/এইচএ/২৩০০ঘ.