ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামির সাবেক আমির গোলাম আজমকে 'যুদ্ধাপরাধী' হিসাবে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলের সভাপতি মোহাম্মদ আফজাল এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে যুদ্ধাপরাধের দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও যুদ্ধাপরাধীদের প্রধান নেতা গোলাম আজমকে এখনো গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।"
দলের সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবু, মির্জা গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএনএস/এইচএ/২৩২০ ঘ.
bdnews24