ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে হজ্জযাত্রী পরিবহনে নাইজেরিয়ার কাবো এয়ারের ২৬ বছরের পুরানো উড়োজাহাজ ভাড়া নেওয়ার জন্য আবারো বিমানমন্ত্রী জি এম কাদেরকে চাপ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে কমিটির এক বৈঠকে হুশিয়ার করে বলা হয়, ফ্লাইট সংকটের কারণে কোনো যাত্রী হজ্জ পালনে ব্যর্থ হলে তার দায়দায়িত্ব মন্ত্রীকেই নিতে হবে।
জি এম কাদের অবশ্য কমিটিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের বিশেষ ক্ষমতাবলে তিনি হজ্জযাত্রী পরিবহনে 'ঝুঁকিপূর্ণ' উড়োজাহাজের অনুমোদন দেবেন না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে সব অপারেটরকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) অনুমোদন নিতে হবে।"
বৈঠক শেষে কমিটির সদস্য মাইনুদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেন, "মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি ২০ বছরের পুরনো উড়োজাহাজ অনুমোদন করবেন না। তবে আমরা আশঙ্কা করছি কাবো'র বোয়িং ৭৪৭ অনুমোদন না পেলে হজ্জযাত্রী পরিবহনে পর্যাপ্ত উড়োজাহাজ ভাড়া করবে না বিমান।"
কমিটির সভাপতি ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা বাদল আরো বলেন, "আমাদের অবস্থান হচ্ছে, যদি কেউ হজ্জ পালনের অধিকার থেকে বঞ্চিত হয় তবে তার দায়িত্ব মন্ত্রীকেই নিতে হবে।"
তিনি জানান, অনেক মুসলিম দেশই কাবো এয়ারের ২০ বছরের পুরনো ৭৪৭ ফ্লাইট পরিচালনা করছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদও সিএএবি'র নিবন্ধন ছাড়াই কাবোর পুরনো বোয়িং ৭৪৭ ব্যবহারে বাদলের বক্তব্যকে সমর্থন দিয়েছেন।
নাইজেরিয়ার কাবো এয়ারের ২৬ বছরের পুরনো উড়োজাহাজকে হজযাত্রী পরিবহনে অনুমোদন দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বিমানমন্ত্রীর সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির মতবিরোধ চলছে। কমিটির বিগত বৈঠকগুলোতেও কাবো এয়ারকে হজযাত্রী পরিবহনের অনুমোদন দেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি।
বিধি অনুযায়ী, সব অপারেটরকেই সিএএবি থেকে উড়োজাহাজের ফিটনেস সনদ নিতে হয়। ২০ বছরের পুরনো কোনো উড়োজাহাজের অনুমোদন দেয় না সিএএবি।
বৈঠক শেষে জি এম কাদের সংসদ ভবনে তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, ২০ বছরের পুরনো উড়োজাহাজের ক্ষেত্রে নিবন্ধন ছাড়ে আমি বিশেষ ক্ষমতা প্রয়োগ করব না। হজযাত্রীদের নিরাপত্তার ব্যাপারে আমি কোনো আপস করব না।"
এ বছর বাংলাদেশ থেকে ৯৪ হাজার মুসলমান হজ পালনে সৌদি আরবের মক্কায় যাবেন। এর মধ্যে বিমান ৪৫ হাজার হজযাত্রী পরিবহন করবে। বাকিদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স এবং অন্যান্য বিমান সংস্থা।
বিমানে যেতে প্রত্যেক হজযাত্রীর খরচ হবে ১,৩৫০ ডলার। অন্যান্য বিমান সংস্থার ফ্লাইটে গেলে ভাড়া পড়বে ১,২০০ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএম/জেবি/এএনএস/এইচএ/২৩০৫ঘ.
bdnews24