সাতক্ষীরা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের পলাশপোল এলাকায় সোমবার দুপুরে এক আইনজীবীর বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ'র বাড়ি থেকে ৩২ ভরি স্বর্ণালংকার, নগর ১০ হাজার টাকা, পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্রসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. শহীদুল্লাহ জানান, তার ছেলে, মেয়ে ও স্ত্রী ঢাকায় থাকেন। বাড়িতে তিনি ও তার এক ভাইপো (স্কুলছাত্র) থাকেন।
সকাল পৌনে ১০টার দিকে তিনি তার ভাইপোকে নিয়ে বাড়িতে তালা দিয়ে কোর্টে যান। বেলা ২টার দিকে বাড়ি ফিরে দেখেন জানালার গ্রিল ভাঙা। ঘরের ঢুকে দেখেন দুইটি আলমিরা ও একটি ওয়্যারড্রোব ভেঙে মালামাল নিয়ে গেছে।
বিষয়টি সাতক্ষীরা পুলিশ সুপারিনটেনডেন্ট ও সদর থানার ওসিকে জানান। ওসি শাহাজাহান আলী খান ঘটনাস্থল দেখে গেছেন।
সদর থানার ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের গৃহকর্মী শহরের পলাশপোল এলাকার ছবিলা বেগমকে (৪৫) আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.
bdnews24