২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান

দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলা ও ঝুঁকি কমাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলা ও ঝুঁকি কমাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। সোমবার 'দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন' শীর্ষক জাতীয় সংলাপে বক্তারা এ আহ্বান জানান। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার বিষয়ভিত্তিক এ সংলাপের আয়োজন করা হয়। বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় তথ্য সংগ্রহশালা হিসেবে আইসিটিকে কাজে লাগাতে হবে। এলাকাভিত্তিক তথ্য সংরক্ষণের সুপারিশ করেন তারা। দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. মোখলেসুর রহমান জানান, দুর্যোগপ্রবণ এলাকায় দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য একটি ম্যাপিং কার্যত্রক্রম হাতে নেওয়া যেতে পারে। সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রধান ফখরুল আহসান জানান, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেক কমে এসেছে। আইসিটি খাতকে ব্যবহার করে দুর্যোগ ঝুঁকি কমাতে চারটি চ্যালেঞ্জ (নিজস্ব স্যাটেলাইট, সরকারি সংস্থাগুলোর কাজের সমন্বয়, বাস্তবায়ন ও টেকসই প্রকল্প বাস্তবায়ন) বিবেচনায় নেওয়ার সুপারিশ করেন তিনি। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিএমপি'র আইসিটি বিশেষজ্ঞ তাসদিক আহমেদ। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় চারটি খাতে আইসিটি বিশেষ ভূমিকা রাখতে পারে। এগুলো হলো-প্রস্তুতি, প্রশমন, সাড়া ও পুনরুদ্ধার। এছাড়া আরো ছয়টি খাতকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলে তাসদিক আহমেদ মনে করেন। এগুলো হলো- সমস্যা চিহ্নিতকরণ, প্রত্যন্ত অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া ও প্রাথমিক পূর্বাভাস, ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনরুদ্ধার, সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমকে একটি তথ্য ভাণ্ডারের আওতায় আনা দরকার বলে মনে করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম। ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার বিষয়ভিত্তিক 'সামাজিক নিরাপত্তা বেষ্টনী' শীর্ষক সংলাপে তিনি বক্তব্য রাখছিলেন। কামরুন নেসা বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে সহায়তা দিতে এবং কার্যক্রমকে দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় রাখতে তথ্য ভাণ্ডার প্রণয়নের কোনো বিকল্প নেই। প্রয়োজনে এ সংক্রান্ত একটি কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১০০ ঘ.