ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণ সংক্রান্ত অপরাধের বিচার ত্বরান্বিত করতে 'পরিবেশ আদালত বিল-২০১০' জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে বিলটি উত্থাপন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি উত্থাপনের পরপরই তা পরীক্ষা নিরীক্ষার জন্য দুই সপ্তাহের সময় দিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়।
বিলে প্রত্যেক জেলায় পরিবেশ আদালত প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, প্রয়োজনে জেলাগুলোতে একাধিক বিশেষ আদালত প্রতিষ্ঠার কথাও বলা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠারও সুপারিশ করা হয়।
এতে পরিবেশ দূষণের আপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানার পরিবর্তে পাঁচ বছর ও জরিমানা পাঁচ লাখ টাকা করা হয়েছে। স্পেশাল মাজিস্ট্রেট ১৮০ দিনের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন করবেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বা তার কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি মামলা দায়ের করতে পারবেন বা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী থানায় এজাহার দায়ের করতে পারবেন।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বা পরিবেশ আদালতের নির্দেশিত ব্যক্তি যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ, তল্লাশি বা নমুনা সংগ্রহ করতে পারবেন।
পরিবেশ দূষণের অপরাধের বিচারের জন্য সরকার ২০০০ সালে পরিবেশ আদালত আইন ২০০০ জারি করে। ওই আইনের আওতায় যুগ্ম-জেলা জজ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালত গঠনের বিধান রয়েছে। এ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে দু'টি পরিবেশ আদালত গঠিত হয়েছে এবং ঢাকায় একটি পরিবেশ আপিল আদালত রয়েছে। সিলেটে একজন যুগ্ম-জেলা জজকে পরিবেশ আদালতের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য কোথাও এখন পর্যন্ত পরিবেশ আদালত গঠিত হয়নি।
বিলটি উত্থাপনের সময় হাছান মাহমুদ জানান, পরিবেশ আদালত আইন ২০০০ এর আওতায় কেবলমাত্র পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহণ ও ব্যবহার এবং গাড়ির কালো ধোয়া নির্গমণের বিরুদ্ধে স্পেশাল ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাতে পারে। পরিবেশ দূষণের অন্যান্য গুরুতর অপরাধের বিরুদ্ধে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কোনো ব্যবস্থাই নিতে পারে না।
মন্ত্রী আরো বলেন, বিদ্যমান পরিবেশ আদালত আইন ২০০০ প্রয়োগ ও অনুসরণে গত দশ বছর ধরে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তা যেন আর না হয় সেজন্য আইনটি বাতিল করে পরিবেশ আদালত আইন ২০১০ এর খসড়া প্রণয়ন করা হয়েছে।
এরপর তিনি 'জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিল ২০১০' সংসদে উত্থাপন করেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার ১৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
এই ট্রাস্ট ফাণ্ডকে যথাযথভাবে পরিচালনার জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফাণ্ড গঠন নীতিমালা ২০০৯ সালের ২৪ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়।
বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৫ দিন সময় দিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলটি উত্থাপনের সময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে মানুষের জীবন, জীবিকা ও সম্পদ রক্ষার জন্য মানুষের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি নিরসন এবং ঝুঁকি কমানোর বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্র বিল ২০১০ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।"
এছাড়া, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ 'আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট বিল ২০১০' উত্থাপন করেন।
বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য ১০ দিনের সময় দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/
bdnews24