২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ডের বিধান রেখে বর্ডার গার্ড বিল সংসদে

বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সোমবার সংসদে 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' উত্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সোমবার সংসদে 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' উত্থাপিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বিলটি সংসদে উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলীতে বিলটি উত্থাপনের পরপরই তা পরীক্ষা নিরীক্ষার জন্য দুই সপ্তাহের সময় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন স্পিকার। বর্ডার গার্ড বিলে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি কর্তৃক সংঘটিত বিদ্রোহের মতো অপরাধের বিচারে বর্ডার গার্ড আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান করতে পারবে। প্রস্তাবিত বিলে সর্বনিু শাস্তি ভর্ৎসনার বিধান রাখা হয়েছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি ৭ বছর। নতুন এই বিলটিতে বর্ডার গার্ড এর এখতিয়ার ও ক্ষমতার ভিত্তিতে তিন ধরনের আদালত গঠনের প্রস্তাব করা হয়। এই আদালত সমূহ হচ্ছে- স্পেশাল বর্ডার গার্ড, স্পেশাল সামারী বর্ডার গার্ড ও সামারী বর্ডার গার্ড আদালত। এছাড়া সংক্ষুব্ধ ব্যক্তি বর্ডার গার্ড আপিল ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ পাবেন। বর্ডার গার্ড আদালত কাউকে চাকরি থেকে বরখাস্ত ও তদুর্ধ্ব দন্ডাদেশ দিলে সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল টাইব্যুনালে এ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আদালতের রায়ের তারিখ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে আপিল করতে হবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি বাংলাদেশ রাইফেলস- বিডিআর সদরদপ্তরে বিডিআর সদস্য কর্তৃক নৃশংস হত্যা, অগ্নিসংযোগ, লুন্ঠনের মতো গুরুতর অপরাধ বিচারে বিদ্যমান আইনের অপর্যাপ্ততা দূর করতে ওই আইনটি রহিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-২০১০ খসড়া আইনটি গত ১২ জুলাই মন্ত্রিসভা অনুমোদন দেয়। এই খসড়া আইনে ১৬টি অধ্যায়ে ১৩৭টি ধারা রয়েছে। আইনটি যুগোপযোগী করে বিভাগীয় কর্মকর্তা ও অসামরিক পদে কর্মরত ব্যক্তিদের অপরাধের বিচার, বর্ডার গার্ড বাহিনীর কার্যাবলী, ক্ষমতা ও দায়িত্ব এবং জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। বিলে 'বিদ্রোহ' এর ব্যাখ্যায় বলা হয়, অধিভুক্ত দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক সম্মিলিতভাবে বাহিনী বা সশস্ত্র বাহিনী বা সহযোগী বাহিনীর কোনো কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করা বা ওই কর্তৃপক্ষের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, প্রতিহত করা বা উৎখাত করা অথবা দুই বা ততোধিক ব্যক্তি তাদের বৈধ বা অবৈধ অসন্তুষ্টি সম্মিলিতভাবে কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা বা উক্তরূপ কার্যকরণের কোন প্রচেষ্টা গ্রহণ করাকে বিদ্রোহ হিসেবে গণ্য করা হবে। কারণ সম্বলিত বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত আইনে বাক স্বাধীনতা, সংগঠন প্রতিষ্ঠা ইত্যাদি সর্ম্পকে যে বিধানাবলী রাখা হয়েছে, তাতে মহাপরিচালক অথবা তার মনোনীত কর্মকর্তার পূর্বানুমোদন নিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি বা বাহিনীর স্বার্থে পেশাজীবি সংঘ বা সংগঠনের সদস্য হওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিডিআর আইনে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বিধান ছিলো না। প্রস্তাবিত বিলে বলা হয়, বর্ডার গার্ড সীমান্ত রক্ষা ও নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, নারী ও শিশু এবং মাদকদ্রব্য পাচার সংক্রান্ত অপরাধসহ আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধ, যুদ্ধকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থেকে অর্পিত দায়িত্ব পালন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে সহায়তা ও সরকার কর্তৃক অর্পিত অন্য যে কোন দায়িত্ব সম্পাদন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৭ঘ.