ঢাকা , সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ই-মেইলে হুমকি দেওয়া মারুফ রায়হানকে আবারো এক দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।
তিন দফায় নয় দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মারুফকে সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফরিদুজ্জামান সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
বিচারক এ জে এম আল মাসুদ এক দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
মারুফকে আবারো রিমান্ডের অনুমতির এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা শেখ ফরিদ ।
রিমান্ড আবেদনে বলা হয় মারুফ হুমকির কথা স্বীকার করেছে।তার অপর সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে আবারো রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
গত ২৫ অগাস্ট জামায়তে ইসলামীর চার নেতাকে ঈদের আগে ছেড়ে না দিলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা একযোগে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে ই-মেইলে হুমকি দেন মারুফ।
৬ সেপ্টেম্বর মারুফকে নীলফামারীর সৈয়দপুরের নতুন বাবুপাড়ার মোড়ের একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
পরের দিন শাহবাগ থানায় এ ব্যাপারে ওই থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে একটি মামলা করেন।
এর আগে একই থানায় এ বিষয়ে দুটি জিডি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/১৯২৬ ঘ.
bdnews24