২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নগরীতে তিন দিনের এক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 07:56 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নগরীতে তিন দিনের এক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার। নগরীর আগ্রাবাদ হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। রোববার বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ একথা জানান। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- 'এক বিশ্ব, এক স্বাস্থ্য বাস্তবায়নে নেটওয়ার্কিং এর প্রয়োজনীয়তা'। উপাচার্য বলেন, এবারের সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩৫০ জন গবেষক, শিক্ষাবিদ, পরিবেশ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, এনজিও কর্মী, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে আটটি পৃথক সেশনে ৪০টি গবেষণা কর্ম ও ছয়টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মধ্যে অ্যানথ্রাক্স নিয়ে তিনটি, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) নিয়ে চারটি, কালাজ্বর নিয়ে একটি, নিপাহ ভাইরাস নিয়ে তিনটি, খাদ্য নিরাপত্তা নিয়ে ছয়টি এবং সংক্রামক ব্যাধি নিয়ে ১০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর আগে ২২ সেপ্টেম্বর ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রাক-সম্মেলন কর্মশালা অনুষ্ঠিত হবে বলেও জানান উপাচার্য। ওদিকে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা চট্টগ্রামের ছাত্র সমাজের সহযোগিতায় এ সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কিউএইচ/এজে/১৩৫০ ঘ.