মৌলভীবাজার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে।
রোববার রাত সোয়া ১২টার দিকে মৌলভীবাজারের বরমচাল রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পওয়া যায়নি।
মৌলভীবাজার রেলওয়ের জ্যৈষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী (পথ) রুহুল আকতার খান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি বিচ্ছিন্ন করার পর ভোররাত ৩টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
দুর্ঘটনা তদন্তে ঢাকা থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১১০ ঘ.
bdnews24