২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটির বৈঠকে সরকারি দলের কেউ আসেনি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য উপস্থিত না হওয়ায় কোরাম সংকটের কারণে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য উপস্থিত না হওয়ায় কোরাম সংকটের কারণে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক স্থগিত করা হয়েছে। রোববার সংসদ ভবনে কমিটির ১৯তম বৈঠকে ১০ জন সদস্যদের কেউই না আসায় কমিটির সভাপতি অলি আহমেদ বৈঠক স্থগিত করতে বাধ্য হন। তিনি বৈঠকস্থলে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন। তবে বৈঠকের পরবর্তী তারিখ এখনো নির্ধারণ হয়নি। বৈঠক স্থগিতের পর সেখানে উপস্থিত হন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাংসদ আ ন ম শামসুল ইসলাম। চলতি নবম জাতীয় সংসদে এনিয়ে দ্বিতীয়বারের মতো কোনো সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক স্থগিতের ঘটনা ঘঠলো। এর আগে কোরাম সংকটের কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক স্থগিত করতে হয়। ওই কমিটির সভাপতি জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের জন্য সভাপতিসহ ন্যূনতম তিনজন সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক। বিরোধী লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য অলি আহমেদ তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমনকি গত শনিবার অধিকাংশ সদস্যই বৈঠকে যোগদানের বিষয়টি সংসদ সচিবালয় কর্মকর্তাদের নিশ্চিত করলেও তারা আসেননি। কমিটির সভাপতি আরো জানান, এ বৈঠকের বিষয়ে তিনি স্পিকারকে চিঠি দিয়ে অবহিত করবেন। অলি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকের নির্ধারিত সময় বেলা ১১টার এক ঘণ্টা পর আমি বৈঠক স্থগিত করি। কারণ আমি মনে করি, বৈঠকে আসা সরকারি কর্মকর্তাদের কাজে ব্যাঘাত ঘটানো ঠিক হবে না।" তিনি জানান, আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রাম থেকে আসায় বৈঠকস্থলে পৌঁছাতে তার দেরি হয়। বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কিছু প্রকল্পের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিএনপি সরকারের (১৯৯১-'৯৬) সাবেক মন্ত্রী অলি আহমেদ আরো বলেন, "বিষয়টি স্পিকারকে জানাতে আমি ইতিমধ্যে একটি চিঠি তৈরি করেছি। চিঠিটি আমি প্রধানমন্ত্রীকেও পাঠাবো।" তিনি বলেন, সংসদ সদস্যরা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন। কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫ তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা। আওয়ামী লীগের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, এ এইচ এম মুস্তফা কামাল, হামিদ বানু শোভা, রেজা আলী, মহিউদ্দিন খান আলমগীর, মোহাম্মদ নজরুল ইসলাম ও আজিজুল হক চৌধুরী এ কমিটির সদস্য। কমিটির সভাপতি তার চিঠিতে গত বৈঠকগুলোতে সংসদ সদস্যদের উপস্থিতির বিষয়টিও উল্লেখ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/১৮৩০ ঘ.