গাজীপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার পূবাইলে মেঘডুবি এলাকায় গম বোঝাই ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি দিনাজপুরের বিরামপুর থানার রাণীনগর গ্রামের মৃত আবদুলের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান জানান, গমের বস্তা বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে যাচ্ছিলো। শনিবার দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে মেঘডুবি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।
এতে ট্রাকে বস্তার উপরে বসে থাকা আনোয়ার নামের এক শ্রমিক চাপা পড়ে প্রাণ হারান।
চালক পালিয়ে গেছে। ট্রাক ও গমের বস্তা উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৪২ ঘ.
bdnews24