ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজের সামনে গতিরোধক নির্মাণের আশ্বাসের পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৯টার দিকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজটির ছাত্রী সীতা রানী চক্রবর্তী আহত হয়। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই কলেজের একদল শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে কলেজের সামনে মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবিতে মিছিল করতে থাকে।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান এবং পুলিশ সুপার মুখলেছুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
তারা কলেজের সামনে গতিরোধক নির্মাণের আশ্বাস দেন। এ আশ্বাসে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
তিনি জানান, অবরোধের ফলে ঘটনাস্থলে মহাসড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়েছিলো।
আহত সীতা রানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সঞ্জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১১৫৯ ঘ.
bdnews24