২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে ফেলে দেওয়া যাত্রীর লাশ উদ্ধার

লঞ্চে আসন নিয়ে বিবাদের জেরে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া লঞ্চ যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লঞ্চে আসন নিয়ে বিবাদের জেরে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া লঞ্চ যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে আড়িয়াল খাঁ নদীর চর ভূতেরদিয়া ভাঙ্গার মুখ এলাকা খেকে আনোয়ার হোসেন (৩৫) নামের ওই যাত্রীর লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামে। আনোয়ারের ভাগ্নে পারভেজ বলেন, মঙ্গলবার দুপুরে মীরগঞ্জ ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি নিউ সান-৪ লঞ্চে গৌরনদীর মিয়ার চর ঘাট থেকে তিনিসহ তার মামা লঞ্চে ওঠেন। লঞ্চে আসন নিয়ে অপর এক যাত্রীর সঙ্গে বিবাদের জেরে আনোয়ারকে মারধর করে নন্দীর বাজার টার্মিনালের কাছে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেয়। রাত ৯টার দিকে লঞ্চটি মুলাদীর নাজিরপুর ঘাটে ভিড়লে লঞ্চের লস্কর আকতার খান, আনসার সদস্য কাজী হাসান ও মো. সোহেলকে আটক করে পুলিশ। মুলাদী থানার ওসি মো. আমিরুজ্জামান আমির বলেন, আনোয়ারের স্বজনরা তার লাশ সনাক্ত করেছেন। মরদেহের ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনোয়ার নিখোঁজ হওয়ার পর তার ভগ্নিপতি আবদুর রহমান বৃহস্পতিবার মুলাদী থানায় ৯ জনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করে মামলা করেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা এখন জেলহাজতে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০৫৩ ঘ.