২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধুর মৃতদেহ উদ্ধার

রাজধানীর সেনানিবাস এলাকা থেকে সুমাইয়া আক্তার সুমি (২২) নামের একজন গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 11:40 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেনানিবাস এলাকা থেকে সুমাইয়া আক্তার সুমি (২২) নামের একজন গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ করিম জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ৭৩৩/১ পূর্ব মানিকদি এলাকার ভাড়া বাসা থেকে সুমির লাশ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করা হলেও ঘটনাস্থলে পাওয়া আলামত ও লাশের অবস্থা দেখে আত্মহত্যা বলে মনে হয় না। তিনি বলেন, "এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে। সুমির স্বামী সাইফুদ্দিন সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।" সুমির মামাত ভাই জাকির হোসেন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুমি আত্মহত্যা করেনি। দুই বছর আগে সুমির বিয়ে হয়। অভাবের কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হত। শনিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে সুমিকে তার স্বামী হত্যা করেছে। এরপর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।" সুমির বাবা মো. সাইদুর রহমান বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/১৭৩৫ ঘ.