গোপালগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে অপহরণকারী সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- বিকাশ বল (৩৫), হিরো বল (২৮), রঞ্জন বিশ্বাস (২৫), সজল বিশ্বাস (২৭) ও কমল বিশ্বাস (২৬)। সবার বাড়ি সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
এ সময় দুই অপহৃত ননী গোপাল রায় ও কামাল হোসেককেও উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা হয়েছে।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. ইব্রাহিম পাটোয়ারী জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে অপহরণকারীরা ননী গোপাল রায় ও কামাল হোসেনকে অপহরণ করে গান্ধিয়াশুর রাসেল দাড়িয়ার মাছের ঘেরে আটকে রাখে।
এরপর বৃহস্পতিবার মোবাইলে ফোনে ননী গোপালের ছেলে অনিমেষ রায়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফোনের সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24