২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গণপিটুনিতে নিহত ১

মোটরসাইকেল চুরির অভিযোগে নওগাঁর পোরশা উপজেলায় এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

নওগাঁ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটরসাইকেল চুরির অভিযোগে নওগাঁর পোরশা উপজেলায় এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার নোনাহার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম (২৮) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামতপাড়া গ্রামের সবুজ জানের ছেলে। এলাকাবাসী জানান, সকালে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দেউপুরা গ্রামের মাখন নামের এক তরুণ তার মোটরসাইকেলটি লাহপুর এলাকায় রাস্তার পাশে রেখে জমির ধান দেখতে যান। এ সময় রেজাউল ইসলাম মোটরসাইকেলটি নিয়ে পোরশার দিকে পালিয়ে যান। বিষয়টি মাখন সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে পোরশার নোনাহার গ্রামে তার শ্বশুর হাজী আব্দুল খলিলকে জানান। এরপর মাখনের শ্বশুড়বাড়ির লোকজন রাস্তায় মোটরসাইকেলসহ রেজাউলকে আসতে দেখে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে ছাউর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন আলী ও নোনাহার গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আব্দুল খালেক ঘটনাস্থলে গিয়ে রেজাউলকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইকবাল হোসেন সাগর জানান, দুপুর পৌনে ১২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়। পোরশা থানার ওসি জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫২ ঘ.