মাগুরা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় মাদক বিক্রেতা ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভায়না এলাকায় এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- মাদক বিক্রেতা স্বপন বিশ্বাস (৩০) ও আব্দুর রাজ্জাক (৩০) এবং এলাকাবাসী রানা (২২)।
ভায়না এলাকার ইফতে খায়রুল ইসলাম বাপ্পি জানান, ভায়না ছায়াবাণী সিনেমা হলের পাশে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বেচাকেনা ও সেবন করে আসছে। এতে এলাকায় চুরি ও ছিনতাই বৃদ্ধির পাশাপাশি স্থানীয় যুবকেরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে।
সচেতন এলাকাবাসী বার বার মাদকদ্রব্য বিক্রি ও সেবনের বিরুদ্ধে অবস্থান নিলেও তা বন্ধ হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচেতন এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে মাদক বিক্রিকালে বিক্রেতাদের বাধা দেয়। এ সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
অভিযুক্তদের পক্ষে মোয়াজ্জেম হোসেন বলেন, "জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের ওপর হামলা চালানো হয়। কিন্তু প্রতিপক্ষ এ ঘটনাকে মাদক ব্যবসা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।"
সদর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকদ্রব্য সংশ্লিষ্ট বিষয়ে এ সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষ সদর থানায় মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৪০৫ ঘ.
bdnews24