২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক কর্মকর্তার বাসায় ২ শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

'নির্যাতনের' শিকার হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালকের বাসা থেকে পালিয়ে যাওয়া দুই শিশু গৃহপরিচারিকাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 05:58 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নির্যাতনের' শিকার হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালকের বাসা থেকে পালিয়ে যাওয়া দুই শিশু গৃহপরিচারিকাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুদক মহাপরিচালক (অনিষ্পন্ন সেল) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ আলীর বাসা থেকে গৃহপরিচারিকা মনি (১১) ও সানজিদা (৯) পালিয়ে যায় বলে জানান শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক। ওসি জানান, নওগাঁর বাসিন্দা ওই দুই শিশু কয়েক মাস আগে মহাপরিচালকের বাসায় কাজ নেয়। পালিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাত আটটার দিকে তারা মহাখালী বাস টার্মিনালে অপেক্ষা করছিলো। এসময় মহাপরিচালকের গাড়ি চালক রুহুল আমীন ও শ্যালক মো. ফিরোজ তাদের আটক করে বাসায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু চিৎকার-কান্নাকাটি শুরু করলে টার্মিনালে কর্তব্যরত পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। মনি ও সানজিদা পুলিশের কাছে অভিযোগ করে, গৃহকর্ত্রী তাদের উপর নিয়মিত নির্যাতন চালায়। তাই পালিয়ে তারা বাড়ি চলে যাচ্ছিলো। পুলিশ কর্মকর্তা জানান, শিশু দুটির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩৫০ঘ.