ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে 'অবৈধভাবে' খাদ্যশস্য মজুদ ঠেকাতে মজুদ বিরোধী আদেশের খসড়া প্রণয়ন করেছে সরকার।
এতে আমদানি পর্যায়ে চাল ও গম ২০ হাজার টন পর্যন্ত ৯০ দিন, পাইকারী পর্যায়ে ৪৫ দিন ও খুচরা পর্যায়ে ৩০ দিন মজুদের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া গম, চিনি, ভোজ্য তেল, ডাল, পেয়াজ, গুড়ো দুধ ও শিশু খাদ্য মজুদের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এ কথা জানান।
১৯৫৩ সালের মজুদ বিরোধী আদেশে সংশোধনী এনে তা নতুন করে জারির জন্য এ খসড়াটি তৈরি করা হয়। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে এটি চূড়ান্ত করা হবে বলে জানান আব্দুর রাজ্জাক।
সভায় খাদ্য অধিদপ্তর, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, চালকল মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তবে এফবিসিসিআই'র কোনো প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন না।
খাদ্যমন্ত্রী বলেন, "বর্তমান মুক্তবাজার অর্থনীতির প্রেক্ষাপটে ১৯৫৩ সালের মজুদ বিরোধী আদেশ বা বাস্তবসম্মত একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা যায় কিনা তা নিয়ে বৈঠকে আলোচনা করেছি। সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়েছে। এ বিষয়ে আরো বিচার-বিশ্লেষণ হবে।"
তিনি আরো বলেন, "সার্বিক প্রেক্ষাপটে বাজারের ওপর সরকারের কিছু না কিছু নিয়ন্ত্রণ থাকা উচিত। অবশ্য সরকার বাজারকে নিয়ন্ত্রণ করতে চায় না। তবে বাজারকে প্রভাবিত করতে বিধি-বিধান থাকা প্রয়োজন বলে সরকার মনে করে।"
মন্ত্রী জানান, ১৯৫৩ সালে মজুদ বিরোধী আদেশ 'ইস্ট বেঙ্গল (ফুড স্টাফস) প্রাইস কন্ট্রোল এন্ড এন্টি হোর্ডিং অর্ডার' জারি করা হয়। এ আদেশের ভিত্তিতেই তখন চালকল মালিক ও ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হতো। মুক্তবাজার অর্থনীতির কারণে আদেশটি ১৯৯১ সালে বাতিল ঘোষণা করা হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ মজুদদারি এবং আন্তর্জাতিক বাজার থেকে চাহিদা অনুযায়ী খাদ্যশস্য আমদানি করতে না পারায় সৃষ্ট পরিস্থিতি এড়াতে ১৯৫৩ সালের ওই আদেশটিতে সংশোধনী এনে নতুন করে জারির উদ্যোগ নেওয়া হয়েছিলো। তখন একটি খসড়াও তৈরি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৪৬ ঘ.
bdnews24