ফরিদপুর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার পর ফরিদপুর জেলা কারাগারে বুধবার গভীর রাতে প্রথমবারের মতো একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "স্ত্রী হত্যার দায়ে মিরাজুল শেখ (২৮) নামের ওই ব্যক্তিকে রাত ১২টা ৫মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।"
বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
সদর উপজেলার পশ্চিম কাফুরা গ্রামের মিরাজুল ২০০২ সালের ২৩ অক্টোবর তার স্ত্রী শেফালী বেগমকে হত্যা করে।
এরপর ২০০৪ সালে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়।
২০০৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং ২০০৯ সালে আপিল বিভাগ এ রায় বহাল রাখে।
সর্বশেষ গত ২৭ জুলাই রাষ্ট্রপতি তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন।
ওদিকে, একই রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্বাধীনতার পর প্রথমবারের মতো দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯২৫ ঘ.
bdnews24