গাজীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার রাজধানী থেকে ৩৫ কিলোমিটার উত্তরের জেলা গাজীপুরে দুই অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এরা হলেন- সদর উপজেলার হায়দরাবাদ গ্রামের আমান উল্লাহ (৩৫) ও কালনী দেওলিয়া গ্রামের মিয়াজ উদ্দিন ওরফে ফিরোজ (৩২)।
মঙ্গলবার তারা হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার তাদের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ নিশ্চিত হয়।
তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে বলে সদর হাসপাতালের চিকিৎসকরা জানান।
এর আগে গত সোমবার ঢাকার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণের জেলা নারায়ণগঞ্জে নয়জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়।
এ নিয়ে দেশে অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০৬।
গাজীপুরের সিভিল সার্জন মো. জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অ্যনথ্রাক্স সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে এই জেলায় অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়নি। আক্রান্তরা জেলার বাইরে থেকে এই রোগের জীবাণু বহন করে এনেছেন বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. লিয়াকত আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের ত্বকে অ্যানথ্রাক্স সংক্রমণ হয়েছে। মঙ্গলবার তারা হাসপাতালে চিকিৎসা নিতে এলে পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার অ্যানথ্রক্স জীবাণুর সংক্রমণ নিশ্চিত হয়েছি।"
তিনি আরো বলেন, বিষয়টির খবর নিতে একটি বিশেষজ্ঞ টিম বুধবার আক্রান্তদের বাড়ি ও এলাকা পরিদর্শন করেছেন।
আক্রান্তদের বরাত দিয়ে ওই চিকিৎসক আরো বলেন, আমান স্থানীয় মীরের বাজার এলাকায় এক বন্ধুর বাড়িতে এবং ফিরোজ স্থানীয় কুমুন বাজার থেকে কিনে গরুর মাংস খেয়েছিলেন।
তবে ওই দই পরিবারের আর কারো দেহে অ্যানথ্রাক্স সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩১২ ঘ.
bdnews24