ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিদগ্ধ আবাসন প্রতিষ্ঠান মালিক কাওসার আহমেদ চৌধুরী বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় মারা গেছেন।
পশ্চিম আগারগাঁও এলাকায় বাসিন্দা কাওসারকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
পরিবার বলছে, ঝগড়ার পর পেট্রোল ঢেলে নিজের দেহে আগুন ধরিয়ে দেন কাওসার।
তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কাওসার (২৮) ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আশানূর ডেভলপার লিমিটেডের মালিক বলে জানিয়েছেন তার স্ত্রী আল্পনা খাতুন।
কাওসারের মা সারনিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে ছোট বোনের সঙ্গে কাওসারের ঝগড়া হয়।
আল্পনা বলেন, "বেলা ১১টার দিকে এক বোতল পেট্রোল কিনে এনে নিজের ঘর বন্ধ করে গায়ে আগুন দেয় কাওসার।"
পরে পরিবারের সদস্যরা কাওসারকে হাসপাতালে ভর্তি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এমআই/১৯২৪ ঘ.
bdnews24