চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর গোসাইলডাঙ্গা এলাকায় মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগে আরো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা (২৪) গোসাইলডাঙ্গা কে ভি দোভাষ লেইনের কবির আহম্মদের ছেলে।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এবং এ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মাসুদকে থানা সংলগ্ন বিমান চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
ঈদের দিন রাত পৌনে ১১টার দিকে মাসুদ ও রিংকু'র নেতৃত্বে ৫-৬ জন যুবক গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ওই রাতেই স্থানীয়রা রিংকুকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এরপর মন্দির কমিটির সভাপতি মিলন চৌধুরী বাদি হয়ে মাসুদকে মূল আসামি করে বন্দর থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24