ফেনী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনাগাজীতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক সৌদি আরব প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহতের স্ত্রী ও শ্বশুর।
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামে শ্বশুরবাড়ি থেকে নূর নবী (৩৫) ওই প্রবাসীর লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ।
নূর ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
সোনাগাজী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার নবী শ্বশুরবাড়ি বেড়াতে যান। মঙ্গলবার সকালে শোওয়ার ঘরে তার মৃতদেহ পাওয়া যায়।
"মৃতে মুখ দিয়ে ফেনা বেরুচ্ছিল," জানিয়ে ওসি বলেন, "তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।"
তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার বিকালে নূর নবীর স্ত্রী রোজিনা আক্তার ও শ্বশুর সামছুল হককে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদুল হক মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24