২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার এক

গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি পরিচয়ে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রংপুরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

রংপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি পরিচয়ে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রংপুরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সদর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম সুমন নামে ওই যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রংপুর ডিবি পুলিশের ওসি আব্দুল মান্নান জানান, সুমনের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামে। তার বাবার নাম মাহে আলী। রংপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুমন এক গৃহবধূর কাছ থেকে নগদ নয় হাজার টাকা ও সোনার গহনাসহ মোট ১৭-১৮ হাজার টাকার মালামাল হাতিয়ে নিয়েছে।" তিনি জানান, সে ডিবি পুলিশের ওসি পরিচয় দিয়ে গঙ্গাচড়া উপজেলার খাপরীখাল গ্রামের রাজিয়া বেগমকে রংপুর পুলিশ কমিউনিটি হলের সামনে আটক করে। তার স্বামী আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তার মুক্তির জন্য সে রাজিয়ার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসআই নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পৌর এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। তাকে রংপুর ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছুদিন ধরে কে বা কারা ডিবি'র ওসি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে শহরে চাঁদাবাজি করছে।" গ্রেপ্তার সুমন ডিবির ওসি পরিচয় দিয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। তিনি জানান, এ ব্যাাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৯২০ ঘ.