২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশন যেনো 'নামসবর্স্ব' না হয়: রাষ্ট্রপতি

জাতীয় মানবাধিকার কমিশন যেনো কেবল একটি 'নামসর্বস্ব' প্রতিষ্ঠানে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 11:11 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ ((বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় মানবাধিকার কমিশন যেনো কেবল একটি 'নামসর্বস্ব' প্রতিষ্ঠানে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। মঙ্গলবার সকালে বঙ্গভবনে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের নেতৃত্বে এর সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহবান জানান। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতি বলেন, "মানবাধিকার কমিশনকে জাতীয় ও আর্ন্তজাতিক পরিমণ্ডলের উপযোগী হয়ে দায়িত্ব পালন করতে হবে। মানবাধিকার কী এবং জনগণ অধিকার বঞ্চিত হলে কীভাবে তা ফিরে পারে- সে বিষয়ে দেশব্যাপী ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।" ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি জাতীয় জীবনে নাগরিকদের মৌলিক অধিকার সমুন্নত রাখতে কমিশনের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, "গণতন্ত্র ও মানবাধিকারের মধ্যে কোনো পার্থক্য নেই। জনগণকে অবশ্যই তাদের অধিকার সর্ম্পকে জানাতে হবে।" কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, "বর্তমান কমিশন জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও চিকিৎসার মতো মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। কমিশন 'ইন্টারন্যাশনার এ্যাক্রিডিটেশন' অর্জনেও কাজ করছে।" স্থায়ী কার্যালয়, অবকাঠামো, জনবল ও আনুষঙ্গিক সুবিধাদির বিষয়ে কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। সাক্ষাতে মানবাধিকার কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক, অধ্যাপক নীরু কুমার চাকমা, সেলিনা হোসেন, ফৌজিয়া করিম ফিরোজ, আরমা দত্ত ও নিরূপা দেওয়ান উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছারউদ্দিন ভূঁইঞা। এ ছাড়া প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সামাদ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ সময় গুনগত শিক্ষা প্রদানের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় স্থায়ী অবকাঠামো নির্মাণ, গ্রন্থাগার, খেলার মাঠ, গবেষণাগারসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৭১২ ঘ.