ফেনী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে তিন শিশু।
দক্ষিণ আলীপুর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবু তৈয়ব (৭), তার মামাত ভাই নুরুল আমিনের ছেলে নুরুল করিম (১০) ও বোন ছায়েরা বেগম (৬)।
দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে আবু তৈয়ব তার নানাবাড়ি দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামে বেড়াতে আসে।
মঙ্গলবার সকালে তৈয়ব, তার মামাতো ভাই নুরুল ও বোন ছায়েরা সবার অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়।
দুপুর ১২টার দিকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনজনই মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.
bdnews24