২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

বাগেরহাটের মংলায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ তিন জনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 08:10 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ তিন জনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- রাজমিস্ত্রী মাশিদুল ইসলাম (১৯) ও শামীম (১৮)। উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড) জানায়, মংলার কোস্টগার্ড কেন্দ্রের সামনে নদী থেকে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা মঙ্গলবার দুপুরে এ দুজনের ভাসমান লাশ উদ্ধার করে। মাশিদুলের বাড়ি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের শেখপাড়ায়। তার বাবার নাম রফিকুল ইসলাম। শামীমের বাড়ি একই ইউনিয়নের গোপালপুর গ্রামে। তার বাবার নাম মোহম্মদ আলী। সোমবার সকালে মেহেরপুর জেলার আমঝুপি ইউনিয়নের খোকসা ও গোপালপুর গ্রাম থেকে সুন্দরবন ভ্রমণে আসা একদল পর্যটক করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যাওয়ার সময় তাদের বহনকারী ট্রলারটি (জালিবোট) বন্দরের ফুয়েল জেটির কাছে মংলা নদীতে উল্টে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন তলিয়ে যায়। মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাশিদুল ও শামীমের লাশ তাদের স্বজনরা শনাক্ত করেছেন। কোস্টগার্ড (মংলা-পশ্চিম জোন) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লোকমান হাকিম জানান, নিখোঁজ অপরজন স্কুলছাত্র মোহনের সন্ধানে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১১ ঘ.