২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আবারো কর্মচঞ্চল হয়ে ওঠছে এই নগরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবার রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আবারো কর্মচঞ্চল হয়ে ওঠছে এই নগরী। ঈদের তিন দিনের ছুটি শেষে সোমবার সরকারি অফিস-আদালত আবার খুলেছে। তবে অফিস-আদালতে উপস্থিতি কম। ঈদের ছুটিতে চিরচেনা ব্যস্ত রাজধানী এক অচেনা রূপ ধারণ করে। যানজট ও কোলাহলমুক্ত এক শান্ত নগরীতে পরিণত হয় ঢাকা ঈদের টানা কয়েক দিনের ছুটির পর ধীরে ধীরে রাজধানী ফিরে পাচ্ছে তার আগের ব্যস্ততম রূপ। নাড়ীর টানে ঢাকা ছেড়ে যাওয়া মানুষজন আবার রুজি-রোজগারের টানে ফিরে আসছে ঢাকায়। নগরীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে কর্মজীবী মানুষেরা এভাবেই তাদের অনুভূতির কথা জানালেন। সোমবার ভোর থেকেই রাড়তে শুরু করে ঢাকায় ফেরা মানুষের ভিড়। রাজধানীর গাবতলী, সায়েদবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ফিরতি মানুষের ঢল। ঢাকা ছেড়ে যাওয়ার সময় চরম ভোগান্তির শিকার হন তারা। তবে ফেরার সময় অনেকটা কম ঝামেলায় ঢাকা ফিরতে পারছেন এসব মানুষ। গাবতলী টার্মিনালে কথা হলো রংপুর থেকে আসা বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা আনিস রহমানের সঙ্গে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে যাওয়ার সময় পথে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল। মা-বাবা, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে সে ক্লান্তি দূর হয়ে গেছে।" সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল উপচেপড়া ভিড়। ফিরতি লঞ্চে যেন তিল ধারনের ঠাঁই নেই। দেশের বিভিন্ন স্থান থেকে ছুটি কাটানোর পর কয়েক লাখ কর্মজীবী মানুষ এ পথে ঢাকায় আসেন বলে জানান সুন্দরবন নেভিগেশনের টিকেট চেকার মোতালেব মিয়া। আগামী কয়েক দিন এভাবে চাপ থাকবে বলে জানান বিভিন্ন লঞ্চের কর্মচারীরা। ঢাকা ফেরা এসব কর্মজীবী মানুষ ও তার পরিবার পরিজনদের প্রধান অভিযোগ- পরিবহন সমস্যা। নগরীর বিভিন্ন টার্মিনালে ফিরতি মানুষজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ট্রাক্সি ক্যাব বা সিএনজি অটোরিকশা পাননি। গাবতলী টার্মিনালে বগুড়া থেকে আসা যাত্রী মোবাশ্বের রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্যাক্সি ক্যাব বা অটোরিক্সার জন্য তিন ঘন্টা দাঁড়িয়ে থেকেও তিনি কিছুই পাননি। এ রকম অভিযোগ অধিকাংশ যাত্রীর। ] তবে ছুটি শেষে নিরাপদে ঢাকা ফিরতে পেরে সবার চোখে-মুখেই ছিল তৃপ্তির ছাপ। তাদের পদচারণায় আবার কর্মচঞ্চল হয়ে ওঠছে রাজধানীকে। ধীরে ধীরে ঢাকা ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। সেই অসহনীয় যানজট, গাড়ীর ধোঁয়া আর কোলাহল নিয়ে শুরু হবে তাদের প্রতিটি সকাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৯০০ ঘ.