ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'কৌশলের' কারণে ঈদকে সামনে রেখে যুদ্ধাপরাধীদের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী মত বিনিময়ে সোমবার তিনি একথা বলেন।
যুদ্ধাপরাধীরা ঈদকে সামনে রেখে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং সরকার তা ঠেকাতে কী 'কৌশল' অবলম্বন করেছে সে বিষয়ে কিছু বলেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
মত বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী উপস্থিত ছিলেন।
শামসুল হক বলেন, "সন্ত্রাসী ও অপরাধীদের দমনেও সরকারের কৌশল সফল হয়েছে। তাই এ বছর ঈদ অনেক ব্যতিক্রমধর্মী ও খুশির হয়েছে।"
সাহারা ঈদকে শান্তিপূর্ণ ও এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ ধরণের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭২৩ ঘ.
bdnews24