কক্সবাজার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসতবাড়ি উচ্ছেদ করা হচ্ছে-এই 'গুজবে' কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে শহরের কয়েকটি এলাকার মানুষ।
সোমবার বেলা ১১ টার দিকে কয়েকশ লোক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় এবং কার্যালয় ঘেরাও করে।
জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ তাদের কয়েকজনকে তাঁর সম্মেলন কক্ষে ডেকে নিয়ে বিষয়টি বিস্তারিত তুলে ধরলে লোকজন শান্ত হয়ে চলে যায়।
কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান ডালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, তার এলাকার কয়েকজন লোক সোমবার সকালে জানতে পারেন ঘোনার পাড়া, মোহাজের পাড়া, বৈদ্যঘোনাসহ আশপাশের পাহাড়ি এলাকা থেকে লোকজনকে উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই কথা মুখে মুখে সেসব এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকার বাসিন্দারা জড়ো হয়ে দল বেধে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়।
কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সরওয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার বাসিন্দারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে।
জেলা প্রশাসক কয়েকজনকে তাঁর সম্মেলন কক্ষে ডেকে নিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় মেয়র সরওয়ার কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোছাইন, পৌর কাউন্সিলর ও জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি গুজবের উপর ভিত্তি করে লোকজন তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।"
তিনি বলেন, "ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মোহাজের পাড়া ও আশপাশের পাহাড়ি এলাকায় পাহাড় দখল করে মিয়ানমারের রোহিঙ্গারা অবৈধভাবে বাস করছে। ওই অবৈধ অভিবাসীদের উচ্ছেদ করা হবে। কোন বাংলাদেশীকে নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৪৩ ঘ.
bdnews24