২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নাগরিক বিনোদন নিম্নবিত্তের নাগালের বাইরে

পাঁচ বছর আগেও নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র পাহাড়ঘেরা ফয়'স লেকে প্রবেশমূল্য ছিল ১০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 05:16 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছর আগেও নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র পাহাড়ঘেরা ফয়'স লেকে প্রবেশমূল্য ছিল ১০ টাকা। বেসরকারিখাতে ছেড়ে দেয়ার পর পরবর্তীতে চার বছরে নতুন নতুন রাইড সুবিধা সম্বলিত এ লেকে প্রবেশ মূল্য হয়েছে দেড়শ টাকায়। এছাড়া রাইডের জন্যও রয়েছে পৃথক মূল্য। বন্দরনগরী চট্টগ্রামে ঈদ-পূজাসহ সরকারি ছুটির দিনে মানুষের বিনোদনের কয়েকটি উল্লেখযোগ্য স্থানের মধ্যে ফয়'স লেক অন্যতম। আগে ধনী থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ সকলেই এ বিনোদন কেন্দ্রে আসতেন তাদের আপনজনদের সাথে নিয়ে কিছুটা সময় কাটাতে। ধীরে ধীরে বেসরকারিখাতে যাবার পর আধুনিক সুবিধা সম্বলিত এ লেকে নিম্ন আয়ের মানুষের প্রবেশ অনেকটা কষ্টকর হয়ে দাঁিড়য়েছে। শুধু ফয়'স লেক নয়, নগরীর বিভিন্ন এলাকায় বেড়ানোর গুটিকয়েক জায়গা থাকলেও অধিক প্রবেশ ফি'র ফলে তা নিম্ন আয়ের মানুষের আওতার বাইরে চলে গেছে। নগরীতে শুধু পতেঙ্গা সমুদ্র সৈকতে কোনপ্রকার প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না। সকল শ্রেণীপেশার মানুষের একমাত্র অবারিত বিনোদন কেন্দ্র এ সৈকত। ঈদ-পূজো-নববর্ষসহ সাপ্তাহিক ছুটির দিনে এখানে ভিড় যেন উপচে পড়ে। তারপরও শহরের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এ সৈকতে যাওয়া-আসায় যানবাহনে অতিরিক্ত ভাড়া বিনোদনপ্রেমী মানুষদের কষ্টে ফেলে দেয়। এছাড়া নগরীর সিনেমা হলগুলো একে একে বন্ধ হয়ে যাওয়ায় নিম্নবিত্তের মানুষের বিনোদনের স্থানগুলো দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। এককথায় চট্টগ্রামের নাগরিক বিনোদন নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফয়'স লেকের পাশে গড়ে ওঠা কনকর্ড সি-ওয়ার্ল্ড ওয়াটার রাইডসহ প্রবেশ ফি ৩৯০ টাকা, নগরীর আগ্রাবাদ শিশুপার্ক প্রতিষ্ঠার পর প্রবেশ মূল্য পাঁচ টাকা থাকলেও তা বেড়ে দাঁিড়য়েছে ২৫ টাকা, নগরীর কাজীর দেউরী এলাকায় অবস্থিত জিয়া শিশুপার্কে এ মূল্য ৫ টাকা থেকে হয়েছে ২০ টাকা। চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশ মূল্য ৫ টাকা থেকে হয়েছে ১৫ টাকা। পাহাড়তলী এলাকার বাসিন্দা সিএনজি অটো রিকশাচালক মোহাম্মদ হোসেন আক্ষেপ করে বলেন, কয়েক বছর আগেও ঈদে পরিবার নিয়ে শিশু পার্কসহ বিভিন্ন এলাকায় বেড়াতে টাকা লাগত অনেক কম। এখন আমাদের মতো মানুষদের জন্য বিভিন্ন পার্কে যাওয়া বা বেড়ানো অনেক কষ্টের হয়ে যায়। "তারপরও বাচ্চাদের জন্য আসতে হয়, সবকিছু সহ্য করে," বলেন তিনি। ঈদের দিন ফয়'স লেকে বেড়াতে এসেছেন সরকারি চাকরিজীবী আবু তাহের তার দুই সন্তানকে নিয়ে। তিনি বলেন, "এখানে শুধু প্রবেশ ফি'ই দেড়শ টাকা। এছাড়া ১৬ টি রাইডের জন্য রয়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত পৃথক মূল্য।" তিনি বলেন, "এত রাইডও ছিল না, প্রবেশ মূল্যও ছিল না। এখন বেসরকারিখাতে ছেড়ে দিয়ে এটিকে আকর্ষণীয় করা হয়েছে, দামও বেশি নেয়া হবে ঠিক। কিন্তু যেভাবে বিনোদনের জন্য বিনিময় মূল্য বেড়েছে সেভাবে আমাদের আয়তো বাড়েনি। তারপরও আসতে হয়।" নগরীর চেরাগীর পাহাড় মোড়ের এক রিকশাচালক মোহাম্মদ জানান, তিনি তার বাচ্চাদের নিয়ে আগে পার্কে যেতেন, কিন্তু এখন বেশি দামের কারণে যান না। চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও প্রাবন্ধিক সিদ্দিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সময়ের সাথে সাথে সাধারণের বিনোদনের স্থানগুলো কমে যাচ্ছে। পাশাপাশি এসব কেন্দ্রগুলোতে উচ্চ প্রবেশ মূল্য নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টকর।" একঘেয়ে জীবনের ক্লান্তি কাটাতে বিনোদন খুবই জরুরি উল্লেখ করে তিনি বলেন, "এসব প্রতিষ্ঠানগুলোতে সর্বজনীনতার জন্য প্রবেশ মূল্য সহনীয় হওয়া দরকার।" নগরীতে বিনিময়মূল্য ছাড়া কয়েকটি বেড়ানোর স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল- পাঁচলাইশে অবস্থিত জাতিসংঘ পার্ক, নন্দনকাননের ডিসি হিল পার্ক, লালদীঘি পার্ক, বাটালি হিল, বিপ্লব উদ্যান। তবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালিত এসব স্থানের তদারকি খুবই কম। এক হিসেবে গত ১০ বছরে নগরীতে সিনেমা হলের সংখ্যা কমেছে ১৩ টি। নতুন কোন সিনেমা হল গড়ে ওঠেনি। নগরীতে নেই কোন মানসম্পন্ন সিনেমা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১১০৩ ঘ.