গাজীপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া মিশন সংলগ্ন কালীগঞ্জ-টঙ্গী সড়কে রোববার দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছে।
বিকাল সোয়া ৫টার দিকে গাজীপুর থেকে নরসিংদীগামী যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে কালীগঞ্জের পুটান গ্রামের নোয়াপাড়া এলাকার আনোয়ার হোসেন (৩৫) নিহত হন। তিনি পেশায় পেয়ারা ব্যবসায়ী নিহত হন।
কালীগঞ্জ থানার ওসি উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানিয়েছেন, যাত্রী বোঝাই বাসটির সামনের বাম দিকের চাকাটি পাঙ্কচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি কালীগঞ্জ-টঙ্গী সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় বাস থেকে নামতে গিয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
তারা কালীগঞ্জ ও আশপাশের ক্লিনিক এবং ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান ওসি। বাসের চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩০ ঘ.
bdnews24