রাজবাড়ী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকী টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশা উপজেলায় রোববার সকালে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পাঞ্জু খা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।
আহত হয়েছে আরো ২০ জন।
এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- খোদা বক্স (৫৫), মো. নাসির উদ্দীন (১৮) ও মো. আলী।
আহতদের রাজবাড়ী, পাংশা, ফরিদপুর ও মাগুড়া সদর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকবাবাসী জানায়, শনিবার রাতে কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া বাজারের চায়ের দোকানী কুতুবুদ্দিন একই এলাকার নজরুলের কাছে বাকী টাকা চায়। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে রোববার সকাল সাড়ে আটটার দিকে উভয়পক্ষের লোকজন লাঠি-সোটা, ঢাল ও সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই পাঞ্জু খা নিহত হয়।
এ সময় বেশ কয়েকটি ঘরে ভাংচুর চালানো হয়।
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) হাসিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনার পর রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা শাহানা বারী, পুলিশ সুপার (এসপি) এস এম আইনুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫৪০ঘ.
bdnews24