২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে ডিজিটাল স্বাক্ষর চালু

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সীমিত আকারে চালু হচ্ছে ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 05:32 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সীমিত আকারে চালু হচ্ছে ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি। প্রথম পর্যায়ে এর কার্যক্রম সীমিত আকারে চালু হলেও পরবর্তীতে এটা ব্যপকভাবে শুরু হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। সরকারের 'ডিজিটাল স্বাক্ষর' কর্মসূচির পরিচালক রেজোয়ানা শারমীন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিজিটাল স্বাক্ষর চালুর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা চালু করা সম্ভব হবে।" ডিজিটাল সাক্ষর চালুর লক্ষ্যে গত বছরের অক্টোবরে 'অফিস অব দি কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটি' (সিসিএ) নামে একটি কার্যালয় প্রতিষ্ঠা করে সরকার। তখন থেকে তিন বছর মেয়াদি 'ডিজিটাল স্বাক্ষর কর্মসূচি'র কাজ শুরু হয়। রোজোয়ানা শারমীন বলেন, "প্রথম পর্যায়ে এটা সীমিতভাবে চালু করা হবে। ব্যাপকভাবে চালু করতে আরো প্রায় দুবছর সময় লাগবে।" এদিকে সরকারি ক্রয়ের ক্ষেত্রে দ্রুততা ও স্বচ্ছতা আনার ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে ই-ক্রয় পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু ডিজিটাল স্বাক্ষর চালু না হলে ই-ক্রয় পদ্ধতি বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার। গত ২২ আগস্ট এক কর্মশালায় তিনি বলেন, "ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি চালু না হলে ই-ক্রয় পদ্ধতি বাস্তবায়ন করা যাবে না। ডিজিটাল স্বাক্ষর চালু করার বিষয়ে কাজ চলছে।" এদিকে ডিজিটাল স্বাক্ষর চালুর কাজ গতিহীনভাবে চলছে বলে মনে করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সার্টিফায়িং অথরিটির কাজে গতি কম। যেভাবে কাজ এগুচ্ছে তাতে কতদিনে ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি চালু হবে তা বলা মুশকিল। "ই-গভর্নেন্স করতে হলে ডিজিটাল স্বাক্ষর চালু করতেই হবে। এছাড়া বেসরকারি ক্ষেত্রে বাণিজ্য ও ব্যাংকিংয়েও এ পদ্ধতি খুবই দরকার। কিন্তু এর প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পারছি না," বলেন তিনি। সরকারের সেন্টাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিজিটাল স্বাক্ষর অনেক নিরাপদ। এ পদ্ধতিতে স্বাক্ষর নকল করা যায় না। তাই একজনের টেন্ডার অন্য কেউ জমা দিতে পারবে না।" ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি তৈরির জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেবে সিসিএ। ডিজিটাল সাক্ষর নিতে হলে এসব প্রতিষ্ঠানে আবেদন করলে তারাই সাক্ষর তৈরি করে দেবে। ব্যবহারকারীরা পাসওয়ার্ড ব্যবহার করে স্বাক্ষরের গোপনীয়তা রক্ষা করতে পারবেন। আগামী অক্টোবরের মধ্যে স্বাক্ষর তৈরিকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানান রোজোয়ানা শারমীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১১২৩ ঘ.