বাগেরহাট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া বাজারে তুচ্ছ ঘটনাাকে কেন্দ্র করে শনিবার সকালে দুদলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
এ সময় একটি প্রাইভেট কার ও একটি বসতবাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিজান খান (৩২), ওবায়দুল (২৫), মফিজ (৩৮) ও মোস্তাফিজ (২৩)।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে এগার জনকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এরা হলেন- নুরুল ইসলাম (৩৫), খলিল শেখ (২৫), এনামূল শেখ (৪২), হেমায়েত শেখ (৬৫), একরাম শেখ (৪০), রাজিব (২০), মাহাবুব শেখ (৪০), মন্টু খান (৫০), ইজাজ শেখ (২৮), শিপন শেখ (৩২) এবং বেলায়েত শেখ (৭০)।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে বড়বাড়িয়া বাজারে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে রাজিব চৌধুরী ও নিপুন খান নামে দুই যুবকের মধ্যে তর্কাতর্কি হয়। এ ব্যাপারে সমঝোতার জন্য শনিবার সকালে ঈদের জামাতের পর উভয় পক্ষ বড়বাড়িয়া বাজারে মিলিত হয়।
কিন্তু আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়।
এ সময় একদল হামলাকারী নুরুল ইসলামের প্রাইভেট কার এবং স্থানীয় মিজান খানের বাড়ি ভাঙচুর করে।
চিতলমারী থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারামারির ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৭১০ঘ.
bdnews24