২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

রংপুর, মানিকগঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলায় শনিবার ভোরে নৈশকোচ উল্টে পাঁচজন মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 07:29 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর, মানিকগঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলায় শনিবার ভোরে নৈশকোচ উল্টে পাঁচজন মারা যায়। আহত হয় কমপক্ষে ২৫ জন। মানিকগঞ্জে সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় একজন নিহত হয়। এছাড়া বাগেরহাটে বাস চাপা পড়ে নিহত হন এক মটরসাইকেল আরোহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী নৈশকোচ ভোর সোয়া ৫ টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরে বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুইজনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ঠাকুরগাঁও জেলার বড়বালিয়া গ্রামের জার্মান কিষকুর ছেলে বিষু কিসকু (১৬) এবং পঞ্চগড় জেলার ধাক্কামারা ধনিয়াপাড়া গ্রামে জমির উদ্দিনের ছেলে আখতারুল ইসলাম (২৪)। তবে ঠাকুরগাঁওয়ের বাপ্পির (৪) বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনছার আলী জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী রুপালী পরিবহনের নাইট কোচটি উল্টে গেলে ঘটনাস্থলেই এক শিশুসহ ৩ জন নিহত হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যায়। এ দুর্ঘটনায় ২৭ জন আহত হয়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রীরা জানান, কোচের চালককে বারবার নিষেধ করা সত্ত্বেও সে অত্যন্ত দ্রুতবেগে গাড়ি চালাচ্ছিলো। এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর সকাল ৯টা পর্যন্ত কোন ডাক্তার বা নার্স আহতদের চিকিৎসা করতে আসেনি বলে অভিযোগ করেন তারা। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের মুলজানে শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় বলে জানায় পুলিশ। আহত হয়েছে তিন জন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানায় পুলিশ। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চালকসহ চারজন আরোহী নিয়ে বাসটি সকাল ১০টার দিকে পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সাড়ে ১০ টার দিকে মুলজানে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে মো. আসাদ (৩০) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ওসি রফিকুল আরো জানান, নিহত (৩৫) ব্যক্তির লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, কচুয়া উপজেলায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বকুলতলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মটরসাইকেলের এক আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম মোল্লা (৫০)। সে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কোণ্ডলা গ্রামের মৃত তোফেল উদ্দিন মোল্লার ছেলে। কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঈদের নামাজ পড়ে নজরুল তার ছোটভাই সাবুলকে নিয়ে মটরসাইকেলে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। বকুলতলায় পৌঁছালে পিরোজপুরগামী দ্রুতগতির একটি বাস পেছন থেকে তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক নজরুল নিহত হয়। তিনি জানান, গুরুতর আহত সাবুলকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এসআই নজরুল জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩২৮ ঘ.