২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাওনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদ হত্যা মামলায় ঈদের পরপরই আওয়ামী লীগ সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 04:05 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদ হত্যা মামলায় ঈদের পরপরই আওয়ামী লীগ সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার মাহবুবুর রহমান। গাজীপুরে দুই তরুণের কঙ্কাল পাওয়ার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান। তিনি বলেন, দু'এক দিনের মধ্যেই শাওনকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১৩ অগাস্ট ভোলা-৩ আসনের আওয়ামী লীগ সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের পাজেরো জিপের ভেতরে রাখা তার লাইসেন্স করা পিস্তলের গুলিতে ইব্রাহীম আহমেদ মারা যান। সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলের সামনে তিনি গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় ১৩ অগাস্টই শেরে বাংলা নগর থানায় অপমৃত্যু মামলা করেন শাওনের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা। ১৮ অগাস্ট ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ শাওনসহ আটজনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করেন। ২৯ অগাস্ট শাওনের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদ ও গাড়িচালক কামালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ একটি হত্যা মামলা করে তাতে ওই দুজনকে গ্রেপ্তার দেখায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/পিডি/২২০৭ ঘ.