চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বন্দর নতুন মার্কেটে আগুনে ১৪ টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ২১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কর্তব্যরত বিশু কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বন্দর মার্কেটের একটি দোকানে আগুন লাগে। দ্রুত আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর ইউনিটের ৪ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, "আগুনে মার্কেটের জুয়েলারি, ডিপার্টমেন্টাল স্টোর, মুদি দোকান, ডিসপেনসারি ও সেলুনসহ ১৪ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
বন্দর থানার উপ-পরিদর্শক মধুসুদন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়েছিল। বৈদ্যুতিক কারণেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/১৪৩৮ ঘ.
bdnews24