শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার ফেরার পালা। তবে বাড়িমুখো যাত্রীদের ভয় হলো মহাসড়কে যানজটের ভোগান্তি।
গত বছরের ঈদে ১২ থেকে ৪৮ ঘন্টার যানজটের ভোগান্তির কথা মনে করে যাত্রীরা ভীত হয়ে পড়ছেন।
ভোগান্তি এড়াতে অনেকেই এবার ট্রেন বা বিকল্প উপায়ে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। তবে বেশীরভাগই যানজটে ভোগান্তির ভয় নিয়েই গন্তব্যর উদ্দেশ্য রওনা দিচ্ছেন।
গত বছর লক্ষাধিক যাত্রী ঈদে বাড়িতে যেতে না পেরে রাস্তায় যানবাহন ভাংচুর করে।
পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন মহাসড়কের যানজট মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে। তবে এসব পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মানেই দীর্ঘ যানজট। গত বছর ঈদের আগের দিন সকালে বাসে চড়ে পরদিন সকালে বাড়ি পৌঁছানোর ঘটনা ঘটেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের সময় যানজটের প্রধান ছয়টি স্পট হচ্ছে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তা, শনির আখড়া হয়ে নারায়ণগঞ্জ লিংক রোডের সংযোগস্থল, কুমিল্লার গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা ও চট্টগ্রামের সীতাকুণ্ড। গত বছর এই ছয়টি স্পটের যানজটের কারণে ঢাকা থেকে চট্টগ্রামের ৬ ঘন্টার দূরত্ব যেতে ২৬ ঘণ্টা লেগে যায়।
গত বছর ঈদের আগে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও অতিরিক্তি তল্লাশি করাকে দায়ী করেন চট্রগাম রুটের একাধিক চালক।
সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইওয়ে পুলিশের বাড়াবাড়ি ও দূর্ঘটনা কবলিত যানবাহন সরানোর জন্য রেকার না থাকায় যানজট মারাত্মক আকার ধারন করে। এছাড়া বিভিন্নস্থানে মহাসড়কের অনেক স্থানে ভাঙ্গা থাকায় যানজট লেগে যায়।"
সায়েদাবাদ টার্মিনালে টিকেট কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাফিজ আলী বলেন, "গত বছর চট্টগ্রামে পৌঁছাতে ২২ ঘণ্টা লেগেছিল। এবার যে কি হয়!"
কুমিল্লার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, "কুমিল্লা এলাকায় যেন যানজট না হয় সেজন্য হাইওয়ে পুলিশসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে চান্দিনা-দাউদকান্দি রোডের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে । রেকারের ব্যবস্থা করা হয়েছে।"
গাবতলী থেকে গাজীপুরের চন্দ্রা: গাবতলী থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা গেলেই যানজট সমস্যা সমাধান করা যাবে বলে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা মন্তব্য করেন।
এজন্য এখানে সার্বক্ষনিক পুলিশ ও দূর্ঘটনা কবলিত যানবাহন সরানোর জন্য রেকারের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গা রাস্তা মেরামত ও সার্বক্ষনিক রেকার থাকলে সহজেই যানজট মোকাবেলা করা সম্ভব।
এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার যানজট মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। চন্দ্রা এলাকায় সর্বোচ্চ সংখ্যাক পুলিশ মোতায়েন থাকবে।"
ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যানজটের দুর্ভোগ লাঘবে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব রাস্তায় পুরোপুরি যানজট নিরসন কঠিন হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।''
ডিআইজি হাইওয়ে মো: সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদে যানজট নিরসনে এবার বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে।"
উদ্যোগগুলোর মধ্যে রয়েছে যাত্রীদের সঠিক নিরাপত্তা ও যানজট নিরসনকল্পে টার্মিনালে কমিটি গঠন করা, যান চলাচলে বাঁধার সৃষ্টি করে এমন অস্থায়ী বাজার সরিয়ে দেওয়া, ফুটপাত হকার মুক্ত রাখা, যান্ত্রিক ত্র"টিপূর্ণ গাড়ি রাস্তায় না বের করা, পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে ট্রাফিক ব্যবস্থার সমন্বয় সাধন করা, রাস্তায় ইউ-টার্ণ মনিটরিং করা, হাইওয়ে টহল জোরদার করা, টোল আদায় পয়েন্টে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়া ইত্যাদি।
মহাসড়কে কোন দূর্ঘটনা ঘটলে দূর্ঘটনা কবলিত গাড়ি সরানোর জন্য রেকারের ব্যবস্থা রয়েছে। তবে পর্যাপ্ত সংখ্যাক রেকারের অভাব রয়েছে বলে তিনি জানান।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত তল্লাশির অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, "প্রয়োজন ছাড়া চেকিং করা হয় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৩৫১ ঘ.
bdnews24